নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডিতে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকানটির কর্মীরা। এ ঘটনায় শপিং মলের তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমণ্ডির আনাম র্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরির ঘটনায় প্রায় দুই হাজার ভরি গয়না খোয়া গেছে। এ ছাড়া দোকানে থাকা নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানোর পর তারা অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না ও নগদ টাকা নিয়ে যায়।
দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন পূরবী জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি পাওয়া গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহযোগিতা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর শপিং মলটিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল পাঠিয়ে আলামত সংগ্রহ করছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

