মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার কথা থাকলেও আপাতত সেই সফর হচ্ছে না। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনিবার্য পরিস্থিতির কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে দুই দেশের সম্মতির ভিত্তিতে সফরের নতুন সময়সূচি চূড়ান্ত করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বাংলাদেশ নয়, আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত থাইল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। ঢাকা সফর শেষ করে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।

সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনার সম্ভাব্য তালিকায় ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ জানানো হয়েছিল। ফলে সফর স্থগিতের সিদ্ধান্তে দুই দেশের প্রস্তাবিত উচ্চপর্যায়ের বৈঠকটি আপাতত পিছিয়ে গেল।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। এবারের ঢাকা সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার প্রত্যাশা ছিল। তবে সফর স্থগিত হওয়ায় এসব বিষয়ে আলোচনার জন্য এখন নতুন সময়সূচির অপেক্ষা করতে হবে।

সর্বশেষ