সিলেটে আ.লীগ সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা-ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হলো ১২ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সিলেটের দক্ষিণ সুরমায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিছিলকারীদের বিরোধের সৃষ্টি হয়। পরে ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় হাবিবের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একদল লোক মিছিল নিয়ে হাবিবুর রহমানের বাড়ির দিকে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়ার মুখে মিছিলকারীরা মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে সরে যান। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একই সময় বাড়ির জানালার কাচও ভাঙচুর করা হয়।

ঘটনার পর কামালবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, একটি পক্ষ বিক্ষোভ মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে গেলে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে তাদের বিরোধ ও ঝামেলা হয়। এ সময় বাড়ির কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকারীরা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। ওই সময়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ