মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন নিয়ন্ত্রণে আনলেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে মিরসরাই পৌর সদরে অবস্থিত ব্যাংকটির শাখায় এ হামলা চালায় দুর্বৃত্তরা। তবে নাইটগার্ড, ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

- Advertisement -

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ভোরের আলো ফোটার আগে কয়েকজন দুর্বৃত্ত গাছপালার আড়াল থেকে ব্যাংকের শাখা লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা ছোড়ে। শাখার সামনের সাইনবোর্ড, প্রবেশপথের গেটের ভেতরে এবং দোতলার দিকে এসব বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের দেয়াল ও গেটে আগুন ধরে যায়।

শাখাটির নাইটগার্ড রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি দ্রুত ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিদের খবর দেন। পরে দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা নিচে নেমে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামীণ ব্যাংকের মিরসরাই পৌর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও অন্য কর্মকর্তারা বাড়িতে চলে যান। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পান। পরে জানতে পারেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি ব্যাংক ও আশপাশের এলাকায় তল্লাশি ও টহল চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার পরপরই তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর সময় আগুন নেভানো হয়ে গিয়েছিল। ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ