ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, নিরাপত্তাকর্মীর ধাওয়ায় ছত্রভঙ্গ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে এক নিরাপত্তা প্রহরীর ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়েছেন সংগঠনটির ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী। এ সময় নিরাপত্তা প্রহরীকে ইট-পাথর ছুড়ে ধাওয়া করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

- Advertisement -

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। তবে শুক্রবার রাতে নিরাপত্তা প্রহরীর ধাওয়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী এলাকায় ঝটিকা মিছিল করেন। মিছিল শেষে দ্রুত স্থান ত্যাগ করার সময় রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক মিছিলকারীর ধাক্কা লাগে। এ নিয়ে ওই যুবক নিরাপত্তা প্রহরীকে গালমন্দ করেন।

একপর্যায়ে ওই যুবকের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছবি দেখতে পান নিরাপত্তা প্রহরী। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ইট-পাথর ছুড়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা দিগ্বিদিক ছুটে পালিয়ে যান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের আরেকটি ভিডিওতে ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন তরুণ-যুবককে মিছিল করতে দেখা যায়। তাদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। কয়েকজনের হাতে লাঠিও দেখা যায়। মিছিল থেকে দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি রঙিন ধোঁয়া ছড়াতে দেখা গেছে।

এ ঘটনায় পুলিশ মিছিলকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল জানান, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ