মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

প্রতিবেদন অনুযায়ী, স্টারলিংকের অননুমোদিত দুটি ব্যবহারের বিষয় জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটির একটি দল ওই দুটি ব্যবহারের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্র খুঁজে পেয়েছে। স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত এমন দুজন ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ইরানের সামরিক তৎপরতায় স্টারলিংকের ব্যবহারের পাশাপাশি মার্কিন বাহিনীরও এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ কাজে স্থলভিত্তিক অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ ধরনের কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তারা অবগত নয়।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানে স্টারলিংক ব্যবহারের সরকারি অনুমোদন নেই। তবে এর আগেই দেশটিতে এ সেবা চালু থাকার কথা জানিয়েছিলেন ইলন মাস্ক। ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন সময় রাজনৈতিক বিক্ষোভ ও অস্থিরতার মধ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ায় বিকল্প যোগাযোগমাধ্যম হিসেবে স্টারলিংকের ব্যবহার গুরুত্ব পেয়েছে।

গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল দেশটিতে পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে।

ইউক্রেন ও ইরানের সংঘাতকে কেন্দ্র করে সামরিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ বা গোষ্ঠীর অননুমোদিত ব্যবহার এবং এ প্রযুক্তির ওপর মার্কিন নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল।

সর্বশেষ