spot_imgspot_img

জামায়াতের সঙ্গে সমঝোতার কারণেই আওয়ামী লীগের মিছিল: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা ও সমঝোতার পরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

- Advertisement -

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন তিনি। র‌্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ইতোমধ্যে জানিয়েছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না। নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে যে মিছিল করছে, তার পেছনে জামায়াতের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করেই হয়তো আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করার সাহস পেয়েছে।’ তিনি মনে করেন, রাজনৈতিকভাবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে আবার মাঠে সক্রিয় করার একটি পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতেও জামায়াতের ভূমিকার কারণে আওয়ামী লীগ রাজপথে নামার সাহস পাচ্ছে বলে তিনি দাবি করেন।

বিএনপির আন্দোলনের ভূমিকা তুলে ধরে রাশেদ খান বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী জীবন দিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করছে। কিন্তু জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ