মো.মোক্তার হোসেন বাবু: চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপের মধ্যেই আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আবরার নামে আট বছর বয়সী ওই শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হলেও শনিবার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত আবরারের বাড়ি নগরের হালিশহর এলাকায়। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরীক্ষায় এনএসওয়ান পজিটিভ আসার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসকদের নথিতে মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।
এদিকে চট্টগ্রামে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ২৫০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুইজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৩৮০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৬ জনে।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ২২৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৬৯ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০ জন।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগী শনাক্তকরণ, চিকিৎসা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




