সৌদি যাত্রীদের জন্য ঢাকায় ট্রানজিট সুবিধা চায় ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক
spot_img

সৌদি আরবে যাতায়াতকারী ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়ে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া। পাশাপাশি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দিয়েছে দেশটি।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা। ওই বৈঠকেই তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির জন্য ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের এসব প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে আনিস মাত্তা বলেন, শুধু প্রচলিত বাণিজ্যিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

বিমান যোগাযোগ বাড়ানোর প্রসঙ্গে ইন্দোনেশিয়ার ভাইস মিনিস্টার ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন। তার মতে, সরাসরি আকাশ যোগাযোগ দুই দেশের মানুষের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ করতে পারে।

এ সময় সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহারের সম্ভাবনার কথাও তুলে ধরেন আনিস মাত্তা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বিমান যোগাযোগের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম।

বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বিবেচনা করতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা সরকারি সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বৃহস্পতিবারই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সর্বশেষ