ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে আলভারেজ

স্পোর্টস ডেস্ক :
spot_img

গ্রীষ্মকালীন দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার স্বপ্ন পূরণ না হওয়ায় এবার নিজের প্রতিনিধিদল নিয়ে নতুন করে ভাবছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো হিদালগোর সঙ্গে সম্পর্কের ইতি টেনে জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের এজেন্ট খাবিয়ের পাস্তোরেকে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিতে পারেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

- Advertisement -

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে দলে পেতে আগ্রহী ছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। সেই তালিকায় ছিল রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বার্সেলোনা। তবে বার্সেলোনার জার্সিতে খেলার প্রতি আলভারেজের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদ তাকে ছাড়তে রাজি না হওয়ায় স্পেনের রাজধানীর ক্লাবটিতেই থেকে যেতে হয় সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে।

এবার মাঠের বাইরের পরিকল্পনায় পরিবর্তন আনতে যাচ্ছেন আলভারেজ। স্প্যানিশ দৈনিক এএসের খবর, ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে তার প্রতিনিধিত্ব করা ফার্নান্দো হিদালগোর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। নতুন এজেন্ট নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তার বাবা গুস্তাভো আলভারেজও।

আলভারেজের সম্ভাব্য নতুন প্রতিনিধি হিসেবে আলোচনায় রয়েছেন ৩৭ বছর বয়সী সাবেক পিএসজি তারকা খাবিয়ের পাস্তোরে। তার মালিকানাধীন ‘দি এলিগ্যান্ট গেম’ এজেন্সির সঙ্গে যুক্ত হতে পারেন আলভারেজ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আলোচনা ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ফুটবল অঙ্গনে এজেন্ট হিসেবে পাস্তোরের পরিচিতিও রয়েছে। গত গ্রীষ্মের আলোচিত দলবদলগুলোর একটি সম্পন্ন করতে ভূমিকা রেখেছিলেন তিনি। চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজের যোগ দেওয়ার প্রক্রিয়ায় তার সংশ্লিষ্টতা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলভারেজের এজেন্ট পরিবর্তনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে ভবিষ্যৎ দলবদল নিয়ে তার পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হতে পারে। বিশেষ করে বার্সেলোনার প্রতি তার আগ্রহের বিষয়টি সামনে রেখে নতুন প্রতিনিধির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা। তবে এ মুহূর্তে নতুন এজেন্ট নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সর্বশেষ