সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট পরিস্থিতি ও বিভিন্ন বিধিনিষেধের প্রভাবে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এই পরিস্থিতিতে বিভিন্ন এয়ারলাইনসের নির্ধারিত সূচি ব্যাহত হওয়ায় যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেবিচকের তথ্য বলছে, বাতিল ও স্থগিত ফ্লাইটের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি ফ্লাইট।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।
ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। একই সঙ্গে নতুন করে ফ্লাইটের সময় নির্ধারণ না হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষা ও অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেবিচক। বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ এবং বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে কাজ চলছে।

