পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পাবনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে কয়েকজন সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ের জন্য বিলের পাশের একটি জেলেদের ছাউনিতে অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই ছাউনিতে বজ্রপাত আঘাত হানলে সেখানে থাকা ব্যক্তিরা হতাহত হন। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুজন।

নিহতরা হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮) এবং ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। নিহতদের মধ্যে মিজান, সাজিদ, আব্দুল্লাহ ও ইমন সম্পর্কে চাচাতো ভাই।

এ ঘটনায় আহত হয়েছেন গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) এবং ১৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় আরও একজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, বজ্রপাতে একাধিক ব্যক্তির হতাহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে পাবনা সদর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা সবাই কৃষক পরিবারের সন্তান। তাদের পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

একই ঘটনায় ছয়জনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়লে সোনাপাতিল বিলসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। বিশেষ করে একই পরিবারের চার চাচাতো ভাইয়ের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ