কামাভিঙ্গাকে আঘাতের অভিযোগ, সমর্থকদের নিষিদ্ধ করল বার্সেলোনা

খেলা ডেস্ক:
spot_img

এল ক্ল্যাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর এবার সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ডে নতুন করে অস্বস্তিতে পড়েছে বার্সেলোনা। শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের অভিযোগে ‘গোল ১৯৫৭’ নামের সংগঠিত সমর্থকগোষ্ঠীকে সাময়িক নিষিদ্ধ করেছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে আগামী রোববার আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুর ‘গ্রাদা দ্যা আনিমাসিওন’ গ্যালারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

গত রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোয় সমর্থকদের আচরণ নিয়ে লা লিগার শৃঙ্খলা কমিটিতে মোট ১০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে উঠে এসেছে রিয়ালের জয়সূচক গোলের পর মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে পতাকা দিয়ে আঘাত করার অভিযোগ।

এ ছাড়া রিয়ালের কোচ জোসে মরিনিও এবং বার্সেলোনার সাবেক একাডেমি খেলোয়াড় মার্ক কুকুরেয়াকে লক্ষ্য করেও সমর্থকেরা আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, খেলাধুলার নীতি ও মূল্যবোধের পরিপন্থি কর্মকাণ্ডের কারণে সমর্থকগোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের আচরণ ক্লাবের আর্থিক জরিমানা, স্টেডিয়াম বন্ধ হওয়ার ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণ হতে পারে।

তবে সমর্থকগোষ্ঠীটির সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগেই ‘গোল ১৯৫৭’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তাদের। আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান খুঁজতে চায় বার্সেলোনা।

উল্লেখ্য, ক্যাম্প ন্যুর উদ্বোধনের বছর ১৯৫৭-কে স্মরণ করে চলতি বছরের মার্চে স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির নিচের অংশটি ‘গোল ১৯৫৭’ সমর্থকগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়েছিল।

এর আগেও সমর্থকদের বিশৃঙ্খল আচরণের কারণে কঠোর অবস্থান নিয়েছিল বার্সেলোনা। ২০২৪ সালের নভেম্বরে একই ধরনের ঘটনার জেরে লুইস কোম্পানিস স্টেডিয়ামের একটি গ্যালারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছিল ক্লাবটি।

মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ও পিএসজির কাছে হারের চাপের পাশাপাশি এবার সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ড নতুন করে সংকটে ফেলেছে বার্সেলোনাকে। সব মিলিয়ে মাঠের বাইরের পরিস্থিতিও সামাল দিতে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়েছে কাতালান ক্লাবটি।

সর্বশেষ