গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল খরচও

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গ্রাম পুলিশের সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনের সুবিধার্থে মোবাইল খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতনও ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রত্যেক সদস্য পাবেন মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন। ঘোষিত নতুন বেতন ও ভাতা একই দিন থেকে কার্যকর হবে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১ হাজার টাকা।

শুধু মাসিক বেতন নয়, অবসরকালীন আনুতোষিকের পরিমাণও বাড়ানো হয়েছে। সাধারণ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকার পরিবর্তে এখন থেকে দেওয়া হবে ১ লাখ টাকা।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের পরিচিতি ও মর্যাদা বাড়াতে আগে মহল্লাদার পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে সরকার শুধু নাম পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তাদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগও নিয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক সদস্যের জন্য মাসিক ১৫০ টাকা মোবাইল খরচ নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণার ফলে গ্রাম পুলিশের সদস্যদের দীর্ঘদিনের আর্থিক সুবিধা বাড়ানোর প্রত্যাশা পূরণে নতুন পদক্ষেপ যুক্ত হলো। ৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের মাধ্যমে মাসিক বেতন, মোবাইল ভাতা ও অবসরকালীন আনুতোষিক—তিন ক্ষেত্রেই সুবিধা পাবেন গ্রাম পুলিশ সদস্যরা।

সর্বশেষ