নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে উপস্থিত লোকজন। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানার অধীন সিএমএম আদালতের প্রধান সড়কে এ বিস্ফোরণ ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সুকুমার হালদার (২৫) ও ফয়সল (২৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এ সময় উপস্থিত লোকজন বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে সুকুমার ও ফয়সলকে আটক করেন। তাঁদের কাছ থেকে ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পরে আটক দুজন ও মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে কারা, কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

