দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে থাকবে ১০০টি শয্যা। সে হিসাবে মোট ছয়টি হাসপাতালে ৬০০ শয্যার চিকিৎসাসুবিধা গড়ে তোলা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের মানসম্মত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য পৃথক ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত হাসপাতালগুলো গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রামে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতাল মূলত শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবার কথা বিবেচনায় রেখেই প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।
সংসদে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাতকে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশের নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছিল।
তিনি আরও বলেন, অতীতে নেওয়া বিভিন্ন নীতির কারণে দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশমুখী হতে বাধ্য হতে হয়েছে।
এর আগে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রশ্ন করার পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব বুধবার থাকলেও তিনি সেদিন উপস্থিত থাকবেন না—এ কারণে আগেই প্রশ্নটি করার উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

