নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে থাকা ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় আশপাশে থাকা লোকজন তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।
এদিকে, ক্যাম্পাসের টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে থাকা বিস্ফোরকসদৃশ বস্তু পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।
এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরপর দুই দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

