নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না, বরং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত আসতে হবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁদের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট ও হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব কারণে তাঁদের প্রতি দেশের মানুষের ঘৃণা রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে কি না, এমন প্রশ্নে হুমায়ুন কবির বলেন, নতুন করে তাঁকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ফলে তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয়।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ভারতকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তাঁকে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইংরেজিতে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। বরং তাদের হস্তান্তর করতে বলেছে।’ তাঁর ভাষ্য, শুধু অর্থের বিনিময়ে কেউ শেখ হাসিনার পক্ষে লবিং করলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে এই উদ্যোগের সম্পর্ক রয়েছে বলেও জানায় রয়টার্স।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ও রয়েছে।

