হরমুজ প্রণালিতে জাহাজে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, ২৪ ঘণ্টায় ৪ ট্যাংকারের চলাচল বন্ধের দাবি ইরানের হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে চারটি তেলবাহী ট্যাংকারের চলাচল বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরান। তবে ট্যাংকারগুলোর নাম, অবস্থান কিংবা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানায়নি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরআইবি জানায়, হরমুজ প্রণালিতে চারটি ট্যাংকারের ওপর হামলা চালিয়ে সেগুলোর চলাচল থামিয়ে দেওয়া হয়েছে।

প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের জেরেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। দুই দেশই নিজেদের আরোপ করা নৌ-নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালির উত্তর অংশে দেশটির উপকূলসংলগ্ন নৌপথ ব্যবহার করতে হলে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালির দক্ষিণ অংশের নৌপথকে নিরাপদ ও উন্মুক্ত বলে দাবি করছে।

তবে ওই নৌপথ ব্যবহারকারী কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে তেহরান। ইরানের ভাষ্য, এসব জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশটির আরোপ করা বিধিনিষেধ অমান্য করেছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণের নৌপথ ব্যবহারকারী কয়েকটি জাহাজ সমুদ্রের মাইনে বিস্ফোরণের শিকার হয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। এতে কয়েকটি জাহাজে আগুন ধরে যায়।

অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণের নৌপথ নিরাপদ ও উন্মুক্ত রাখার অবস্থানে অনড় রয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপ করা মার্কিন সামরিক অবরোধ ভাঙার চেষ্টার অভিযোগে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করতেই এ অবরোধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এরই ধারাবাহিকতায় গত শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির পূর্বে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের চলাচল অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের দাবি, জাহাজটির নাবিকদের বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা সেই সতর্কতা উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ ভাঙার একাধিক চেষ্টা করেন। পরে জাহাজটির চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা ও নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তবে সর্বশেষ চারটি ট্যাংকারের চলাচল বন্ধের বিষয়ে ইরানের দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: সিবিএস নিউজ

সর্বশেষ