সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা, অল্পের জন্য এড়াল বড় বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির মদিনা অঞ্চলে এ হামলা চালানো হয়। এতে পাইপলাইনের একটি অংশে সামান্য আগুনের সৃষ্টি হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং তেল সরবরাহেও কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র।

- Advertisement -

মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি সৌদি আরবের মরুভূমি অঞ্চল অতিক্রম করে দেশটির পূর্বাঞ্চলকে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর নিরাপত্তার কারণে কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। ওই হামলার জন্য ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল সৌদি আরব।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথ হিসেবে এই পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে সৌদি আরব। বিশ্বে দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান এই পরিমাণ।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি সরবরাহব্যবস্থায় পাইপলাইনটির গুরুত্ব অনেক। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হলেও বিকল্প এই ব্যবস্থা সৌদি আরবকে তুলনামূলকভাবে সরবরাহ অব্যাহত রাখতে সহায়তা করছে।

এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে সহায়তা করতে সেনা পাঠানোর খবর নাকচ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ইয়েমেনে বর্তমানে সিরিয়ার কোনো সেনা মোতায়েন নেই। ভবিষ্যতেও সেখানে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনে সিরিয়ার সেনা মোতায়েন করা হয়নি এবং নিকট ভবিষ্যতে সেখানে সেনা পাঠানোর পরিকল্পনাও নেই।

এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছিল, সৌদি নেতৃত্বাধীন জোটকে সহযোগিতা করতে সিরিয়ার সেনারা ইয়েমেন ও সৌদি আরবে অবস্থান করছেন। ইরানের মিত্র হিসেবে পরিচিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ওই জোট।

তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ