শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি, চলছে বিশেষ নজরদারি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম চালু রয়েছে।

শুধু মাঠপর্যায়ে সদস্য মোতায়েন নয়, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি ক্যামেরা এবং তাৎক্ষণিক ভিডিও ধারণের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।

সর্বশেষ