নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা হারুনুর রশিদ আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হারুনুর রশিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ সালের উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন হারুনুর রশিদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই, অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রায়পুরসহ লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

