মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: নগরের আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে প্রায় ৫০টি অবৈধ দোকান, স্থাপনা ও ফুটপাতের ওপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের পথ দখলমুক্ত করা হয়েছে।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে খুলশী থানাধীন আমবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ বিভাগ জানায়, ফুটপাত দখল করে দোকান বসানো এবং নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে এসব অবৈধ স্থাপনা ও সামগ্রী সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানাও আদায় করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলশী থানা পুলিশ সহযোগিতা করে।

