সিলেটের রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে ইকো রিসোর্ট ভাড়া নিয়ে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রনজিৎ সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় রনজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাতারগুলের একটি ইকো রিসোর্ট শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবীর মাধ্যমে ভাড়া নেওয়া হয়। এ জন্য সেখানে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই রিসোর্টে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি কয়েক মিনিট বক্তব্য দেন।
শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগ ওঠার পর রনজিৎ সরকারের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার তদন্তে রিসোর্টটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সভায় ব্যবহৃত ব্যানার, সাতটি খালি মদের বোতল, পানির নিচে দেখার উপযোগী খেলনা জাতীয় বস্তু এবং ইয়ারগানের গুলির মতো দেখতে ৪০টি ধাতব বস্তু উদ্ধার করা হয়। এসব সামগ্রী সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযানে রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করা হয়। তবে রিসোর্টের মালিক সোহেল আহমদকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভায় বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন রনজিৎ সরকার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার রেশ ধরে সোমবার রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিৎ সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সব মিলিয়ে রাতারগুলের ওই রিসোর্টে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগকে কেন্দ্র করে সিলেট ও সুনামগঞ্জে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে।

