আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টায় নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিরোধী জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনায় হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত আরব রাজনৈতিক দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাস। তবে এর বিনিময়ে নতুন সরকারে সমমর্যাদার অংশীদারত্ব ও কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব চান তিনি। তাঁর এই অবস্থান কার্যকর হলে নেতানিয়াহুবিরোধী জোটের সরকার গঠনের পথ কিছুটা সহজ হতে পারে।
ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিরোধী জোটের অন্যতম নেতা ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট সরকারে রাআমের অংশগ্রহণের ক্ষেত্রে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত দিয়েছেন। আব্বাসের সাম্প্রতিক অবস্থান সেই শর্ত পূরণের সম্ভাবনা তৈরি করেছে।
ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও বিষয়টি নিয়ে আশাবাদী। দলের সাপ্তাহিক বৈঠকে আব্বাসের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হামাসকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি রাআমের জন্য বড় বাধা হবে বলে তিনি মনে করেন না। এ নিয়ে আলোচনা ও সমঝোতার সুযোগ রয়েছে।
তবে মনসুর আব্বাস সরাসরি কোনো দর-কষাকষির কথা স্বীকার করেননি। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা আগেই হামাস বিলুপ্তির বিষয়টি মেনে নিয়েছেন। রাআম সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান ও নিন্দা করে। একই সঙ্গে নতুন সরকার ও রাজনৈতিক জোটে অংশ নেওয়াকে দলটির মৌলিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।
হামাস নিয়ে বিতর্কে অবস্থান পরিষ্কার রাআম নেতার
হামাসকে ‘দাতব্য সংস্থা’ হিসেবে অভিহিত করার অভিযোগ ওঠার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন রাআমের আইনপ্রণেতা ইয়াসের হুজিরাত। তাঁর দাবি, সম্প্রতি ইসরায়েলি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য সম্পাদনা করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
হুজিরাত বলেন, বক্তব্যের ব্যাখ্যামূলক অংশ বাদ দেওয়ায় একটি বাক্য এমনভাবে উপস্থাপিত হয়েছে, যাতে মনে হয়েছে তিনি হামাসকে দাতব্য সংস্থা বলেছেন। বাস্তবে তিনি এমন কথা বলেননি এবং হামাসকে দাতব্য সংস্থা মনে করেন না।
তিনি আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের তিনি নিঃশর্ত নিন্দা জানান। হামাসের অপরাধ, হত্যা, অপহরণ এবং ইসরায়েলি নাগরিকদের ওপর চাপিয়ে দেওয়া দুর্ভোগেরও কঠোর বিরোধিতা করেন তিনি।
সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ
ইসরায়েলের ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। বর্তমানে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে রয়েছেন ৪৮ জন আইনপ্রণেতা। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
নেসেটে রাআমের আসন আটটি। অন্যদিকে আরব সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আরেকটি রাজনৈতিক দল জয়েন্ট লিস্টের আসনসংখ্যা ১১। এই দুই দলের সমর্থন পেলে বিরোধী জোটের সরকার গঠনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
ডেমোক্র্যাটস পার্টির আইনপ্রণেতা নাআমা লাজিমি বলেছেন, নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাবিত সরকারে রাআমের অবশ্যই জায়গা থাকা উচিত। তাঁর যুক্তি, রাআম ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিয়েছে।
লাজিমি আরও উল্লেখ করেন, রাআমের নির্বাচনী তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইহুদি নাগরিক ও সাবেক পুলিশ কমান্ডার ইয়োয়াভ সেগালোভিৎস। এ ছাড়া আরব নাগরিকদের জন্য বেসামরিক জাতীয় সেবার একটি কাঠামোও প্রস্তাব করেছে দলটি।
ইসরায়েলে কট্টর-অর্থোডক্স নন এমন ইহুদি নাগরিকদের মতো আরবদের জন্যও বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিধান নেই। লাজিমির মতে, দেশটির গণতন্ত্র পুনর্গঠনের দায়িত্ব নিয়ে বিরোধীরা নির্বাচিত হয়েছেন। অথচ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
কট্টর-অর্থোডক্স দল নিয়ে নতুন জটিলতা
বিরোধী জোটের সরকার গঠনের পথে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টর-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে সম্ভাব্য সমঝোতা। ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লাইবারম্যান জানিয়েছেন, নেসেটে থাকা দুটি আরব দলের বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকারে তিনি যোগ দেবেন না।
গত শুক্রবার তিনি বিরোধী জোটকে ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাস দলের সঙ্গে অংশীদারত্ব গড়ার আহ্বান জানান। যদিও এসব দলের সঙ্গে তাঁর নীতিগত মতপার্থক্য রয়েছে।
লাইবারম্যানের অন্যতম প্রধান দাবি, কট্টর-অর্থোডক্স বা হারেদি সম্প্রদায়ের জন্য প্রচলিত সামরিক নিয়োগ থেকে অব্যাহতি বাতিল করতে হবে। অন্যদিকে ইউটিজে ও শাস চায়, নতুন সরকারেও তাদের সম্প্রদায়ের জন্য এই সুবিধা বহাল থাকুক।
নেসেটে ইউটিজের আসন সাতটি এবং শাসের ছয়টি। ফলে সরকার গঠনের সমীকরণে এই দুই দলের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
স্পিকার পরিবর্তনের উদ্যোগে বিরোধীদের নতুন কৌশল
সরকার গঠনের আলোচনার পাশাপাশি নেসেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছে বিরোধী জোট। বর্তমান স্পিকার ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদের সদস্য আমির ওহানাকে সরিয়ে ইয়াশার পার্টির আইনপ্রণেতা মাতান কাহানাকে ওই পদে বসাতে চায় তারা।
জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমাদ তিবি এ উদ্যোগে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, পরিবর্তনের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নেসেটের স্পিকার পরিবর্তন। মাতান কাহানার পক্ষে ভোট দিয়ে তাঁরা এই পরিবর্তনের অংশ হতে চান।
বর্তমান স্পিকার আমির ওহানা জানিয়েছেন, মঙ্গলবার নেসেটের অধিবেশন শুরুর পর অধিকাংশ আইনপ্রণেতা অনুরোধ জানালে স্পিকার পরিবর্তনের বিষয়ে আলোচনা নির্ধারণ করবেন। বিরোধী জোট ইতিমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। আগামী মঙ্গলবার ভোটাভুটি আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।
বিরোধীরা স্পিকার পরিবর্তনে সফল হলে এবং নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটির নিয়ন্ত্রণ নিতে পারলে আইন প্রণয়নের ক্ষেত্রেও তাদের প্রভাব বাড়বে। এতে নেতানিয়াহুর আমলে আটকে থাকা বিভিন্ন বিল সংসদে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ। তবে এ ধরনের কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রক্রিয়া সহজ হবে না।
সব মিলিয়ে নেতানিয়াহুবিরোধী জোট এখন সরকার গঠনের পাশাপাশি সংসদীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইও চালাচ্ছে। রাআমের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বিরোধীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করলেও আরব দলগুলোর সমর্থন, কট্টর-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সামরিক নিয়োগনীতি নিয়ে মতপার্থক্য শেষ পর্যন্ত ইসরায়েলের নতুন সরকার গঠনের ভাগ্য নির্ধারণ করতে পারে।

