নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ অবরোধ শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের পরিবহনগুলো আটকে পড়ে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

