টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

- Advertisement -

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে।

গত কয়েক দিনের মূল্য পরিবর্তনে দেশের স্বর্ণবাজারে ওঠানামা লক্ষ করা যাচ্ছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। এর আগে ৬ নভেম্বরও একই পরিমাণ দাম কমিয়েছিল বাজুস। ফলে বৃহস্পতিবারের সিদ্ধান্ত নিয়ে টানা তিন দফায় কমল স্বর্ণের দাম।

অন্যদিকে, নভেম্বরের শুরুতে স্বর্ণের বাজারে ছিল উল্টো চিত্র। ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় দাম বাড়ানো হয়। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা।

নতুন এ মূল্য কার্যকর হওয়ায় স্বর্ণের গহনা কেনার ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা কম খরচ করতে হবে ক্রেতাদের।

সর্বশেষ