গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, সার্জনসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত আল নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এক সার্জনসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে হাসপাতালের সার্জারি বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Advertisement -

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য এবং সংগঠনটির সশস্ত্র শাখার অন্য সদস্যদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য, হামাসের ওই সদস্যরা হাসপাতালটির ভেতরে অবস্থান করছিলেন।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ করেছে, হামাস হাসপাতাল কমপ্লেক্সটিকে সামরিক কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। সেখানে অস্ত্র মজুত, কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা এবং হাসপাতালের বিভিন্ন স্থাপনাকে পর্যবেক্ষণকেন্দ্র ও যোদ্ধাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের অভিযোগও করেছে তারা। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় হাসপাতালের সার্জারি বিভাগে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। চিকিৎসাকর্মীরা নিহত সার্জনের পরিচয় রেজিক আবুশিরা হিসেবে নিশ্চিত করেছেন।

হামলার পর হাসপাতালের ভেতরের পরিস্থিতির চিত্রও প্রকাশ পেয়েছে। রয়টার্সের ধারণ করা ভিডিওতে হাসপাতালের বিভিন্ন কক্ষে ধ্বংসস্তূপ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত ছাদ থেকে বৈদ্যুতিক তার ঝুলতে দেখা গেছে। ধ্বংসাবশেষে ভরা করিডর দিয়ে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়। এ সময় কয়েকটি মরদেহ হাসপাতালের বাইরে নিয়ে যেতেও দেখা গেছে। হাসপাতালের বাইরে অগ্নিনির্বাপণকর্মীদের উদ্ধারকাজ চালাতে দেখা যায়।

এ হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির এক মুখপাত্র হামলাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

গাজায় সাম্প্রতিক সময়ে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। দেশটির দাবি, হামাস আবারও নিজেদের সংগঠিত করছে এবং অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে হামাস বলছে, এক বছর আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ওই চুক্তি দুর্বল করার চেষ্টার অভিযোগ করেছে সংগঠনটি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, একই সময়ে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এর পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

সর্বশেষ