নিজস্ব প্রতিবেদক : দেশে আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পুরো উদ্যোগে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর বড় অংশের অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর লক্ষ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথকে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে। বাকি বড় অংশের অর্থায়ন আসবে এডিবি থেকে।
প্রকল্প বাস্তবায়নের সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় পরিসরে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পাইলট প্রকল্পের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পর ট্রেন ঘুরিয়ে আনার প্রয়োজন হবে না। এতে ট্রেনের দিক পরিবর্তনে সময় কম লাগবে এবং নির্ধারিত বিরতিতে আরও নিয়মিতভাবে ট্রেন চালানো সম্ভব হবে।
পাইলট প্রকল্পের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে রেলওয়ে। কারণ, ঢাকা-চট্টগ্রাম রেলপথ দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সংযোগ রয়েছে এ রেলপথে।
রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে সক্ষমতা বাড়বে। পাশাপাশি যাতায়াতের সময় এবং রেল পরিচালনার ব্যয় কমানো সম্ভব হবে।
বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার রেলপথে পরিবহন করা হয়। মোট কনটেইনার পরিবহনের তুলনায় এই পরিমাণ প্রায় ৩ শতাংশ। রেলওয়ের পরিকল্পনায় ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির লক্ষ্য রেলপথে বার্ষিক কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা।
রফিকুল ইসলামের মতে, বৈদ্যুতিক ট্রেন চালুর পাশাপাশি আধুনিক পণ্য পরিবহন ও ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা গেলে রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা বাড়বে। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও রেলপথের ভূমিকা আরও সম্প্রসারিত হবে।

