শ্রমিক বিক্ষোভে উত্তাল সাভার-আশুলিয়া, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কেও যান চলাচল ব্যাহত হয়।

- Advertisement -

মঙ্গলবার সকাল থেকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও বিভিন্ন স্থানে তারা আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেন। সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বিক্ষোভের একপর্যায়ে বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা হলে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে জানান, অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে যান।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দিনের প্রথম ভাগে যান চলাচলে বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ