অবশেষে পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
দীর্ঘদিনের প্রস্তুতি, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন পর্যায়ের কার্যক্রম শেষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে দেশের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার সক্ষমতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।
প্রথম ধাপের পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে টারবাইন, জেনারেটরসহ বিদ্যুৎকেন্দ্রের সব গুরুত্বপূর্ণ সিস্টেমের সক্ষমতা নিশ্চিত করা হবে। নির্ধারিত কারিগরি পরীক্ষা সফলভাবে শেষ হলে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এরপর প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
সংশ্লিষ্টদের আশা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

