আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি ও মার্চে পরিচালিত সামরিক অভিযানের সময়ের তুলনায় বর্তমানে ওই অঞ্চলে বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। একই সঙ্গে হামলা চালানো এবং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতাও বেড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। উপসাগরীয় অঞ্চল, আরব সাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে বিভিন্ন উন্মুক্ত সূত্রের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
আইএনএসএসের তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আগের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সময়ের তুলনায় বেশি। তবে ঠিক কতটি যুদ্ধজাহাজ ও কতসংখ্যক সেনা ওই অঞ্চলে মোতায়েন রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রকাশিত মানচিত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি—জর্জ ওয়াশিংটন, জর্জ এইচ ডব্লিউ বুশ ও থিওডর রুজভেল্টের অবস্থান দেখানো হয়েছে। এসব রণতরির পাশাপাশি আরও কয়েকটি সামরিক জাহাজ মোতায়েন রয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ। তবে দেশটির ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে নৌ অবরোধ বহাল রাখা হবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানশক্তির অবস্থান কিছুটা ভিন্ন। আইএনএসএসের হিসাবে, বর্তমানে ওই অঞ্চলে ২০০টির বেশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান রয়েছে। তবে স্থলঘাঁটিগুলোতে মার্কিন যুদ্ধবিমানের সংখ্যা গত মার্চের তুলনায় কম।
প্রতিষ্ঠানটি বলছে, ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র কিছু যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের পশ্চিমাঞ্চলে সরিয়ে নিয়েছে। পাশাপাশি কয়েকটি বিমান ইউরোপে পাঠানো হয়েছে। তবে যুদ্ধজাহাজের তুলনায় যুদ্ধবিমান দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় যুক্তরাষ্ট্রের বিমানশক্তির অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা কার্যকর হয়নি। এরপর জুলাই থেকে দুই দেশের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ার বিষয়টি ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি ও কৌশলগত অবস্থানের নতুন ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

