মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সরকারি সংস্থার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, নান্দনিক শহর মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নয়; মানুষের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল ও নাগরিকদের মধ্যে আস্থা প্রতিষ্ঠাও এর অংশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও টার্মিনাল পরিচালনা কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক নিজে ঝাড়ু ও বেলচা দিয়ে টার্মিনাল এলাকার ময়লা পরিষ্কারে অংশ নেন। পাশাপাশি নালায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পরে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এ টার্মিনাল ব্যবহার করেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী। এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের জায়গায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে এ টার্মিনালের যাত্রা শুরু হলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালানোর সুযোগ দেওয়া যাবে না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেওয়া উচিত নয়। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না কিংবা তাঁর কোনো শারীরিক সমস্যা আছে কি না, সেদিকেও মালিকদের নজর রাখতে হবে।
নতুন কোনো রুটে চালক পাঠানোর আগে ওই সড়ক সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ ছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানো-নামানো বন্ধের আহ্বান জানিয়ে বলেন, যাত্রীর অনুরোধে হঠাৎ সড়কের মধ্যে গাড়ি থামালে পেছনের যানবাহনের চালক পরিস্থিতি বুঝতে পারেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানো-নামানো নিশ্চিত করা গেলে যাত্রীরাও টার্মিনাল ও নির্দিষ্ট স্থানে আসতে অভ্যস্ত হবেন।
জেলা প্রশাসক জানান, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
এরপর জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা ও খেজুরতলী সমুদ্রসৈকতসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। হোটেল-রেস্তোরাঁয়ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম নেওয়া হয়েছে।
টার্মিনালের পরিবেশ উন্নয়নে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বলেন, তাঁরা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলে সিটি করপোরেশন ও সিডিএর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সময় আশপাশের সড়ক উঁচু করা হলেও টার্মিনালের ভূমি আগের অবস্থায় রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। ময়লা-আবর্জনার সঙ্গে বৃষ্টির পানি মিশে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
এ সমস্যা সমাধানে আশপাশের সড়কের সমান উচ্চতায় টার্মিনালের ভূমি উন্নীত করা এবং বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে সিডিএর সঙ্গে সমন্বয়ের আহ্বান জানান তিনি। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সড়কে যানজট কমাতে দোহাজারী ও কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ এবং বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা বলেন, দক্ষিণ ও উত্তর চট্টগ্রামমুখী প্রায় ২০ থেকে ২২টি রুটের যানবাহন এবং বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক এ টার্মিনাল ব্যবহার করেন। জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে শ্রমিকদের পক্ষে এককভাবে টার্মিনালটি পরিচ্ছন্ন রাখা কঠিন।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
এ সময় জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

