গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে সরকার চলতে পারে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধানের মৌলিক সংস্কার এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ি অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ৫০ শতাংশ মানুষের ভোটে সরকার গঠিত হলেও সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। কিন্তু সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এতে সংখ্যাগরিষ্ঠ মানুষের গণভোটের রায় উপেক্ষিত হচ্ছে।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে ছয় মিনিটও সময় নেয়নি। কিন্তু জনগণের কাছে দেওয়া অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সুযোগ নেই।

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, অতীতে ১২টি সংসদে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে। সংশোধনীর মাধ্যমে সংযোজিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরেকটি দুর্বল সংশোধনী নয়, প্রয়োজন সংবিধানের মৌলিক সংস্কার।

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের জীবন ও অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। অনেকে আহত হয়েছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই আত্মত্যাগ কোনো দুর্বল সংবিধান সংশোধনীর জন্য ছিল না। আন্দোলনের লক্ষ্য ছিল একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাই দেশকে ১৯৭২ সালের সংবিধান ও পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না।

রাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীন এবং প্রশাসন ও পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও পথের জুলাইপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। গণভোটকে অবৈধ বলার চেষ্টা থেকে বিরত থেকে জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে।

বিএনপির উদ্দেশে মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছর তারা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কারাগারেও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ক্ষমতায় এসে সেই সংগ্রামের দিনগুলো ভুলে যাওয়া সরকারের জন্য আত্মঘাতী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইপন্থি রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাকারীদের কথায় কান দেওয়া উচিত নয়। গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সব পক্ষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে উদ্যোগ নিতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান।

সর্বশেষ