দেশের প্রাণিসম্পদ খাতকে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে একটি উৎপাদনমুখী শিল্পে পরিণত করা সম্ভব হলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা, কার্যকর উদ্যোগ ও সদিচ্ছা।
প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার ওপর সরকারের গুরুত্বারোপের কথা তুলে ধরে তিনি বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
খামারিদের প্রাণিসম্পদ খাতের প্রধান চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খামার সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে তাদের নীতিগত এবং কারিগরি সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। আর এ লক্ষ্য অর্জনে পর্যাপ্ত প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

