সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় সামরিক বিমানগুলোর নিরাপত্তা জোরদার করছে যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনী (আরএএফ)। এ লক্ষ্যে রাতের বেলায় যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক উড়োজাহাজ খোলা জায়গা থেকে সরিয়ে হ্যাঙ্গার ও বিশেষভাবে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমস অব লন্ডন ও স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হওয়া থেকে বিমানগুলোকে রক্ষা করতে রাতের বেলায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যেসব বিমানঘাঁটিতে পর্যাপ্ত সুরক্ষিত অবকাঠামো নেই এবং রানওয়ের পাশে খোলা জায়গায় যুদ্ধবিমান রাখতে হয়, সেসব স্থানে ড্রোন প্রতিরোধী জাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংবাদমাধ্যম দুটি তাদের তথ্যের নির্দিষ্ট কোনো সূত্র প্রকাশ করেনি।
রাশিয়ার সম্ভাব্য নাশকতামূলক তৎপরতা নিয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তার পর বিমানবাহিনীর এই নিরাপত্তা উদ্যোগের বিষয়টি সামনে এসেছে।
এর আগে মঙ্গলবার ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে এমআইফাইভ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার পক্ষ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা বেড়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়।
এদিকে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগও উঠেছে ইরানের বিরুদ্ধে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীও ব্যবহার করে।
সব মিলিয়ে সম্ভাব্য ড্রোন হামলা ও নাশকতার আশঙ্কায় যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে সামরিক বিমান সুরক্ষায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে দেশটির বিমানবাহিনী।
সূত্র: স্কাই নিউজ

