আদালতের দেওয়া ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফিরবেন, নিজের ইচ্ছামতো নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ চলছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিক উপকৃত হবেন।
নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান ইয়াসের খান চৌধুরী। তার মতে, এক থেকে দুই মাসের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নারী সাংবাদিকদের দক্ষতা ও কর্মক্ষেত্রে সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করা যেতে পারে। পাশাপাশি প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
নারী সাংবাদিকদের অবহেলার কোনো মানসিকতা সরকারের নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নারীদের উপস্থিতি রয়েছে। শিক্ষাক্ষেত্রেও মেয়েরা ভালো ফল করছেন এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে থাকছেন।
সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়। জবাবে প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের জন্য জাতীয় প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে যথাযথ আবেদন করা হলে সহযোগিতার চেষ্টা করা হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, শুধু নতুন ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এর বিধান কার্যকর করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে মালিকপক্ষের ওয়েজবোর্ড অনুসরণ করা জরুরি।
এ ছাড়া উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করার দাবির বিষয়েও ইতিবাচক মনোভাব দেখান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রচলিত আইন ও নীতিমালা মেনে আবেদন করা হলে তালিকাভুক্তি এবং সরকারি বিজ্ঞাপন পাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে শক্তিশালী করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে ফোরামের নেতৃবৃন্দকে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।

