মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। এতে বক্সটির জানালার কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে জানালার একাংশ পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সটিতে আগুন দেয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত কয়েক দিনেও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পুলিশ বক্সসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে নগরের মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের আরেকটি বক্সেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ধারাবাহিক এসব ঘটনার মধ্যে হালিশহরে পুলিশ বক্সে নতুন করে আগুন দেওয়ার ঘটনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

