নতুন ব্যবসা শুরু ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৬৪০ তরুণ উদ্যোক্তা। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে তাঁদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটেও এ তালিকা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
এদিকে প্রাথমিক পর্যায়ের বাইরে থাকা দেশের বাকি ৫৬ জেলার তরুণদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে। এসব জেলার প্রতিটি উপজেলার আগ্রহী প্রার্থীরা নিজ নিজ এলাকার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।
কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা নতুন ব্যবসা প্রতিষ্ঠা কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। এ অর্থায়নের জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না।
তবে ঋণের অর্থ নির্ধারিত ব্যবসায়িক খাতে ব্যয় এবং নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ করতে হবে। কর্মসূচির শর্ত লঙ্ঘন করলে অনুদানের সুবিধা বাতিল হতে পারে। সে ক্ষেত্রে অনুদান হিসেবে পাওয়া অর্থও ঋণে রূপান্তরিত হবে এবং সরকারি পাওনা হিসেবে আদায় করা হবে।
আবেদনের যোগ্যতা ও শর্ত
আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির সুবিধা পাবেন না।
যেসব খাতে মিলবে অর্থায়ন
কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। এ ছাড়া ই-কমার্স, ফিনটেক, এডটেক, অ্যাগ্রিটেক ও হেলথটেকের মতো প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক উদ্যোগও অর্থায়নের আওতায় রয়েছে।
আবেদন করতে নির্ধারিত ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল অথবা তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের সনদ জমা দিতে হবে।
তরুণদের প্রচলিত চাকরিনির্ভরতার বাইরে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠা ও ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে তরুণদের আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

