নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল ( ক্রূড অয়েল) নিয়ে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ। এর ফলে কাঁচামাল সংকটে ধুঁকতে থাকা দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বৃহস্পতিবার থেকে পুনরায় পুরোদমে উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দৈনিক ‘আজকের আওয়াজকে’ জানান, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বিঘিœত হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। রিফাইনারির পাঁচটি ইউনিটের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ ছিল এবং বাকি তিনটিতে সীমিত আকারে কাজ চলছিল।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, “সব ধরণের প্রস্তুতি নেওয়া আছে। আবহাওয়াসহ অন্য সবকিছু ঠিক থাকলে এবং রিফাইনারিতে তেল সরবরাহ হলে বৃহস্পতিবার থেকে পাঁচটি ইউনিটে পুরোদমে উৎপাদনে যাওয়া যাবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে দেশে অপরিশোধিত তেলের আর কোনো চালান আসেনি। সবশেষ গত ১৮ ফেব্রুয়ারি আসা একটি চালানের তেল দিয়ে এতদিন কার্যক্রম কোনোমতে সচল রাখা হয়েছিল। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর নতুন এই চালানের আগমনে জ্বালানি খাতের অচলাবস্থা কাটার পথ সুগম হলো।
বিএসসি সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তেল লাইটারিং (খালাস) করে পাইপলাইনের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দেওয়া হবে।
বিপিসির আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের কাজ করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চাটারিং অ্যান্ড ট্রাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানান, দেশের জ্বালানি সংকট নিরসনে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজে করে এক লাখ টন ক্রূড অয়েল আমদানি করা হচ্ছে। তেল বোঝাই করার পর জাহাজটি ২১ এপ্রিল সৌদির স্থানীয় সময় রাত ৩টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) ইয়ানবু বন্দর থেকে রওনা দিয়েছে। ৫ মে মধ্যরাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে। এরপর ৬ মে জাহাজটি থেকে তেল খালাস শুরু হবে। চলতি মাসের ২২ অথবা ২৩ তারিখে আরও এক লাখ টন ক্রূড অয়েল একটি জাহাজ দেশে আসার শিডিউল রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত থেকে এই তেলগুলো আমদানি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে তেল লোড করার পর আগামী ১০ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। ২২ অথবা ২৩ মে জাহাজটি বন্দরে এসে পৌঁছাবে।
বার্ষিক ১৫ লাখ টন শোধন ক্ষমতাসম্পন্ন এই রিফাইনারি থেকে ডিজেল, পেট্রোল, অকটেনসহ ১৩ ধরনের জ্বালানি পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে সবচাইতে বেশি উৎপাদিত হয় ডিজেল। ২০২৪-২৫ অর্থবছরে ইআরএল থেকে প্রায় সাড়ে ৬ লাখ টন ডিজেল উৎপাদিত হয়েছিল। “
দেশে বার্ষিক ৪০ থেকে ৪২ লাখ টন ডিজেলের চাহিদার একটি বড় অংশ মেটাতে ইস্টার্ন রিফাইনারির সচল থাকা অপরিহার্য।




