spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের কাতালগঞ্জে উচ্ছেদে ফেরত মিলল জনপথ

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের ব্যস্ততম চকবাজার–মুরাদপুর সড়কের কাতালগঞ্জ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বুধবার (৬ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ইবনে সিনা হাসপাতালের সামনে এ অভিযান চালায়।

- Advertisement -

এসময় রাস্তার পাশে থাকা অবৈধ দোকানঘর, টিনশেড ও অন্যান্য দখলকৃত স্থাপনা অপসারণ করে।

চসিক সূত্রে জানা যায়, সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে চুক্তি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্থায়ী ও স্থায়ী স্থাপনা গড়ে উঠেছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং হাসপাতালসংলগ্ন হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছিল। পাশাপাশি এলাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।

একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে দখলদারদের সতর্ক করা হয় ।

চসিকের কর্মকর্তারা জানান, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি চালানো হবে। একই সঙ্গে এলাকাটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে নান্দনিক ও পরিবেশবান্ধব স্থানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ওই স্থানে রমনা পার্কের আদলে একটি আধুনিক সবুজ পার্ক নির্মাণ করা হবে। সেখানে শিশুদের খেলার জায়গা, পথচারীদের বসার ব্যবস্থা, ছায়াবৃক্ষ ও পরিচ্ছন্ন পরিবেশ থাকবে। হাসপাতাল এলাকায় আসা রোগী ও তাদের স্বজনদের জন্য এটি স্বস্তির স্থান হিসেবে গড়ে তোলা হবে।

চসিক জানিয়েছে, নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরকে বাসযোগ্য ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ