স্পোর্টস ডেস্ক: ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (২৩ আগস্ট) ব্রাজিলের একটি প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। বিকেল ৩টার দিকে তারা স্টেডিয়ামে প্রবেশ করে মাঠ, ঘাস, ড্রেনেজ ব্যবস্থা, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি ঘুরে দেখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের সঙ্গে ম্যাচে ঢাকার স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, তা দেখতে প্রতিনিধি দলটি এসেছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ঢাকার মাঠ সম্পর্কে নিজেদের ফেডারেশনকে জানাবে প্রতিনিধি দলটি। এরপরই সম্ভাব্য ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।




