spot_imgspot_img

চট্টগ্রামে বাসের নতুন ভাড়া কার্যকর, প্রজ্ঞাপন জারি

মো.রাকিব :
spot_img

মো.রাকিব : জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই থাকছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটেও বাস-মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হবে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়ার হার কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এ হার কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক যাত্রার জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে সেই অনুযায়ী ভাড়াও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

নতুন ভাড়া কার্যকর হওয়ার পর যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের বেশি ভাড়া আদায় ঠেকাতে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর রুটে ডিজেলচালিত বাসের যাত্রীভাড়ায় পরিবর্তন আসবে। তবে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত থাকায় স্বল্প দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার প্রভাব নির্ভর করবে যাত্রাপথ ও প্রযোজ্য ভাড়ার হিসাবের ওপর।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ