মো. রাকিব, চট্টগ্রাম:
পণ্যের হালনাগাদ মূল্য তালিকা না রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় চট্টগ্রাম নগরের ফলমন্ডিতে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফলমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখা এবং পণ্য কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযানে ওই তিন প্রতিষ্ঠানে এসব ক্ষেত্রে অনিয়ম পাওয়া যায়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।




