ড্রাই ডকের উন্নয়ন ও কার্যক্রম দেখতে চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামো, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সামগ্রিক পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন।

- Advertisement -

বাণিজ্যমন্ত্রী সিডিডিএলের বিদ্যমান সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি কারিগরি দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান এবং সিডিডিএলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সামুদ্রিক খাতের উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং শিল্পায়নের লক্ষ্য সামনে রেখে ১৯৮৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে সিডিডিএল। বিভিন্ন সময়ে আর্থিক ও পরিচালনাগত সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে পুনরুজ্জীবিত ও গতিশীল করতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিডিডিএলে দেশি-বিদেশি মিলিয়ে ১ হাজার ৩৬টি জাহাজ সফলভাবে মেরামত করা হয়েছে। এর পাশাপাশি কন্টেইনার ভেসেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। ড্রাই ডকিংয়ের পাশাপাশি ভাসমান অবস্থায়ও জাহাজ মেরামতের সুবিধা রয়েছে সিডিডিএলের।

দেশীয় প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বাড়াতে ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচনসহ প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রমও চলমান রয়েছে।

সিডিডিএলের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশের ওপর নির্ভরতা কমানোর পথও সুগম হতে পারে।

শুধু জাহাজ নির্মাণ ও মেরামতেই সীমাবদ্ধ নয় সিডিডিএলের কার্যক্রম। দেশের বিভিন্ন শিল্পখাতের জন্যও প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের স্টিল কাঠামো ও শিল্প সরঞ্জাম তৈরি করে আসছে। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা রয়েছে।

আন্তর্জাতিক মান ও পরিচালন সক্ষমতার স্বীকৃতি হিসেবে সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনেরও সদস্য।

সংশ্লিষ্টদের মতে, সিডিডিএলের বহুমুখী সক্ষমতা কাজে লাগিয়ে জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পকে আরও সম্প্রসারণ করা সম্ভব। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং জাতীয় শিল্পায়নে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ