রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরও অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিতে নতুন অগ্রগতি হয়েছে। কেন্দ্রটির ইউনিট-১-এর কমিশনিং প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বা ‘পাওয়ার স্টার্ট-আপ স্টেজ-সি’ কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিএইআরএর চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল) এ অনুমোদন দেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়। মন্ত্রণালয় জানায়, অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে স্টেজ-সি পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রস্তুতিতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

স্টেজ-সি পর্যায়ে পারমাণবিক চুল্লির সক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তিগত ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। একই সঙ্গে এসব ব্যবস্থা সমন্বিতভাবে পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে।

এ পর্যায়ের পরীক্ষার আওতায় থাকবে পারমাণবিক চুল্লি, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিমাপ ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং চুল্লির সুরক্ষা ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থা।

চুল্লির ক্ষমতা বাড়ানোর প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। বিশেষ করে টারবাইনের নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা, জেনারেটর এবং বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো প্রয়োজনীয় পরীক্ষাগুলো সফলভাবে শেষ করে প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা। এর মাধ্যমে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।

তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার বিষয়টি নির্ভর করবে কমিশনিংয়ের সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়া, নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত শর্ত পূরণ এবং প্রয়োজনীয় চূড়ান্ত অনুমোদনের ওপর। পুরো কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরুর তৃতীয় পর্যায়ের অনুমোদন দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য তাৎপর্যপূর্ণ অগ্রগতি। রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতির প্রতিটি ধাপে কারিগরি পরীক্ষা ও পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ