মির্জাপুরে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, চোখ-কান ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে লৌহজং নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

- Advertisement -

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি পৌরসভার কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মির্জাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার বিকেলেও প্রতিদিনের মতো মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে নদীর ঘাটে যান। একপর্যায়ে নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরার জন্য পানিতে নামার প্রয়োজন হয় না। ঘটনার দিন সন্ধ্যার কিছুক্ষণ আগেও তাঁকে নদীতে মাছ ধরতে দেখেছেন অনেকে। পরে মরদেহ উদ্ধারের সময় তাঁর দুটি চোখ ও একটি কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।

এদিকে পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ ভালো সাঁতার জানতেন। নদীতে বুকসমান পানিতে ডুবে তাঁর মৃত্যু হওয়ার বিষয়টি সহজে মেনে নেওয়া যাচ্ছে না। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে নদীতে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ