চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন। পাশাপাশি দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছরের তুলনায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
এদিকে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। এতে সামগ্রিক ফলাফলের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

