ফরিদপুরে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের পাশে রাখা ছিল। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ। রাত পৌনে ২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় বাসের ভেতর আটকা পড়ে শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁদ ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, নিহত চালকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে।

