ফ্রান্সের শত শত সুপারমার্কেটের হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে দেশটির কর্তৃপক্ষ। গত অক্টোবরে সংঘটিত এ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন ফরাসি কর্মকর্তারা। হামলার কারণে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর জানায়, গত ১১ অক্টোবরের ওই সাইবার হামলায় ফ্রান্সের প্রায় ৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাকাররা হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অনুপ্রবেশ করে তা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয় এবং অন্তত ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থার যৌথ তদন্তে হামলার জন্য আইআরজিসি-সংশ্লিষ্ট ‘শহীদ কাভে’ নামের একটি সাইবার ইউনিটকে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় হামিদ রেজা লাশকারিয়ান, মাহদি লাশকারিয়ান ও রেজা সালারভান্দ নামে তিনজনের পরিচয়ও সামনে এসেছে।
তদন্তসংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ‘সাইবার অ্যাভেঞ্জার্স’ ও ‘সাইবার ইসনাদ ফ্রন্ট’সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। হামলায় ব্যবহৃত ডিজিটাল অবকাঠামো, আগের সাইবার আক্রমণের ধরন এবং ফারসি ভাষার বিভিন্ন চিহ্ন বিশ্লেষণ করে শহীদ কাভের সংশ্লিষ্টতার বিষয়ে ধারণা পেয়েছেন তদন্তকারীরা।
এ ঘটনায় স্বয়ংক্রিয় তথ্যপ্রক্রিয়াকরণ ব্যবস্থায় প্রতারণামূলক হস্তক্ষেপ এবং সংঘবদ্ধভাবে মানুষের জন্য বিপজ্জনক উপায়ে ক্ষতিসাধনের অভিযোগে বিচারিক তদন্ত শুরু করেছে প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, ঘটনার ব্যাখ্যা চেয়ে ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
হামলার ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির খাদ্য সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রমে। বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় মাংস, আইসক্রিমসহ বিপুল পরিমাণ হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। কয়েকটি দোকানে যন্ত্রপাতিতে আগুনও ধরে যায়। এক সুপারমার্কেট মালিকের ধারণা, এ ঘটনায় ফ্রান্সজুড়ে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে।
ফ্রান্সের ঘটনার কয়েক সপ্তাহ পর বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনের সুপারমার্কেটগুলোতেও একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। চলতি মাসে ইউরোপের শতাধিক প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় হামলার শিকার হয়েছে। এমনকি ফ্রান্সের কয়েকটি রক্তব্যাংকের রক্ত সংরক্ষণের যন্ত্রও আক্রান্ত হয়। তবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ায় রক্ত ও নমুনার কোনো ক্ষতি হয়নি। কিছু রক্ত বিকল্প শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগারে সরিয়ে নেওয়া হয়।
এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ঘাঁটির খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রের ফ্রিজ অচল হয়ে পড়ার ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ বিষয়টি তদন্ত করছে। পেন্টাগনের তদন্তকারীরা ঘটনাটিকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে বিবেচনা করছেন। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনার পেছনেও ইরানের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি।
সোমবার পেন্টাগন জানায়, সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে বিভিন্ন আলোচনা সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হয়নি সংস্থাটি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স কিংবা হামলার শিকার অন্য ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তারা এখনো এসব ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র থাকার বিষয়টি নিশ্চিত করেননি।
অন্যদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে ইরানের জাতিসংঘ মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তেহরান সাধারণত এ ধরনের সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে থাকে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত অধিকাংশ ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্র ছিল পুরোনো কিংবা সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা হালনাগাদ করা হয়নি। ফলে সহজেই এসব যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে পেরেছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্রুফপয়েন্টের জ্যেষ্ঠ হুমকি গবেষক সাহের নওমানের মতে, এ ঘটনা ইরানের সাইবার সক্ষমতার চেয়ে বরং পুরোনো প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতাকেই বেশি সামনে এনেছে।
ফেব্রুয়ারি থেকে চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপে সাম্প্রতিক এসব সাইবার হামলাকে অন্যতম বড় বিঘ্নসৃষ্টিকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্চে লস অ্যাঞ্জেলেসের গণপরিবহন ব্যবস্থা, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পানি শোধনাগার এবং আগস্টে যুক্তরাষ্ট্রগামী কয়েকটি জাহাজে সাইবার হামলার অভিযোগ ওঠে।
সূত্র: রয়টার্স ও সিবিএস নিউজ

